গণিতের রঙ্গে: হাসিখুশি গণিত
২০১৫ এর ৬ ফেব্রুয়ারি একুশে বইমেলায় বইটি প্রকাশিত হয়েছে। ২০১২ এর জানুয়ারি থেকে গণিতের রঙ্গে নামে যে ধারাবাহিক ভিডিও সিরিজ শুরু করেছিলাম, সেগুলোর প্রথম দশটি পর্ব নিয়ে এই বই। অনলাইনে অর্ডার দিতে পারেন রকমারি.কম থেকে-
http://www.rokomari.com/book/93989
“মাইনাস মাইনাসে হয় প্লাস, শূন্য দিয়ে ভাগ দিলে হয় অসংজ্ঞায়িত, ত্রিভুজের ক্ষেত্রফল ‘হাপিন্টুভুমিন্টুচ্চতা’ (½ × ভূমি × উচ্চতা), (a+b)²=a²+2ab+b² – গণিত করতে গিয়ে এমন অনেক কিছু আমরা শিখি, মুখস্থ করি। কিন্তু জানি কি- কেন হয়, কিভাবে হয়? বুঝি কি অন্তর থেকে? এগুলো কি Feelকরা সম্ভব? এই বইটি যতটা জ্ঞানের তার থেকে বেশি আনন্দের, চিন্তার আনন্দের! লেখক মনে করেন, গণিত পৃথিবীর সবচেয়ে মজার বিষয়। অনেক মানুষ এটাকে ভয় পায় কারণ মজার অংশগুলো তাদের জানানো হয় না! কেমন অদ্ভুত ছিল গণিতবিদদের জীবন? আসলে কে আবিষ্কার করেছিল পিথাগোরাসের উপপাদ্য? কিভাবে মাথায় এল আইডিয়াটা? তিন মেয়ের সমস্যাটা কী ছিল? মাথায় চুলের সংখ্যা কত? অনন্ত জলিল গণিত নিয়ে সিনেমা বানালে কী সংলাপ বলতেন? এমন মজার সব চিন্তা, সমস্যা আর গল্প নিয়েই ‘গণিতের রঙ্গে:হাসিখুশি গণিত’।”
অঙ্ক ভাইয়া
২০১৮ এর একুশে বইমেলায় প্রকাশিত হয় আমার গণিত বিষয়ক দ্বিতীয় বই অঙ্ক ভাইয়া। এই বইটা কিছুটা উপন্যাসের মতন করে লেখা। ফ্ল্যাপের কথাগুলো এখানে তুলে দিচ্ছি-
টেনশন টিনা, যে তুচ্ছ কারণে দুশ্চিন্তা করতে করতে হতাশায় ডুবে যায়,
বিটলা বান্টি, দুষ্টুমির আড়ালে যার প্রশ্নগুলো চিন্তার খোরাক জোগায়,
তুখোড় তন্বী, যে পারদর্শী নানামুখী দক্ষতায়,
আর অবাক পৃথ্বী, জগতের সবকিছুতে যে বিস্ময় খুঁজে পায়
-ওরা সবাই আজ অসহায় নজিবুল্লাহ মাস্টারের দাপটে।
ওদের মনে গণিত নিয়ে হাজারো প্রশ্ন, উত্তর মেলে না কিছুতেই!
ওরা তখন আশ্রয় খোঁজে অঙ্ক ভাইয়ার কাছে।
কোত্থেকে এলো, কোথায় কাজে লাগে, এটা এমন কেন, অমন নয় কেন, এটা শিখে কী হয়, ওটার মূল ঘটনাটা কী- এমনসব প্রশ্নের উত্তর ‘অঙ্ক ভাইয়া’ দিয়ে যান পরম মমতায়।
বাংলাদেশের আয়তন নাকি ক্ষেত্রফল, পেঁয়াজকুচি পদ্ধতিতে গোলকের আয়তন, পিথাগোরাস দিয়ে আইনস্টাইন, ফাংশনের বৃত্তান্ত, পৃথিবীর সুন্দরতম সমীকরণ, ঋনাত্মক সংখ্যার লসাগু-গসাগু, গিটারের গণিত, হাতে কলমে ঘনমূল, সাইন কসের নামরহস্য, লগ এর ভিতরের কথা, অসমতার চিহ্ন – এমন চিন্তাগুলো যদি আপনার মনে কৌতূহল জাগায়, এই বইটি আপনার জন্য!
গল্পে জল্পে জেনেটিক্স:

এই বইটি ২০১২ এর ফেব্রুয়ারিতে একুশে বইমেলায় বইটি প্রকাশিত হয়। ‘অন্যরকম প্রকাশনী’ ছিল এই বইটির প্রকাশক। প্রচ্ছদ করেছিলেন বহ্নি ওমর। আমার ছাত্র নাঈম আহমেদ প্রচ্ছদের কার্টুনটি এঁকে দিয়েছিল। এই বইটি পুরোপুরি মৌলিক বই নয়। এটি ল্যারি গনিক এবং মার্ক হুইলিসের লেখা ‘A Cartoon Guide to Genetics’ বইটির বাংলা রূপান্তর। মূল বইটা পড়েই এতটা মজা পেয়েছিলাম, মনে হয়েছিল বাংলাতে এমন একটা বই থাকাটা খুবই জরুরী। প্রায় দেড় বছর ধরে বইটার কাজ করেছি। বইটাতে পুরোপুরি কার্টুন দিয়ে জেনেটিক্সের নানা বিষয় খুবই সহজ এবং অনেক মজা করে বোঝানো হয়েছে। আমার গণিতবিদ বন্ধু ডাঃ সৌমিত্র চক্রবর্তী বইটির ভূমিকা লিখে দিয়েছে। পরবর্তীতে বইটিকে দুটি খণ্ড আকারে প্রকাশ করা হয়। বইটি পাওয়া যাবে শুধু অনলাইনে রকমারি.কম থেকে।
‘গল্পে জল্পে জেনেটিক্স’ বইটির পেছনের কথা পাওয়া যাবে এই লাইনে ক্লিক করলে।
গণিতের রাজ্যে পাই :
এইটি বইটি আসলে বেশ কয়েকজন লেখকের ‘পাই’ বিষয়ক লেখার সঙ্কলন। সম্পাদনা করেছেন সুব্রত দেবনাথ। এখানে ড: মুহাম্মদ জাফর ইকবাল স্যার, কায়কোবাদ স্যার, মুনির হাসান ভাই, সুব্রত দেবনাথ, সৌমিত্র চক্রবর্তী এবং অভীক রায়ের লেখার সাথে আমারও একটা লেখা প্রকাশিত হয়। এটি ২০১১ এর একুশে বইমেলাতে ‘তাম্রলিপি প্রকাশনী’ থেকে প্রকাশিত হয়।
অন্যান্য লেখালিখি :
আমি মূলত গণিত নিয়েই লেখালিখি করি। প্রথম আলোর ‘গণিত ইশকুল’ পাতায় মাঝে মাঝে লিখতাম, এখন সেই পাতাটা আর বের হয় না। গণিত নিয়ে আমার লেখাগুলো নোট আকারে ফেসবুকে আছে। এখানে সেগুলোর লিঙ্ক দিয়ে দিচ্ছি।
পাঁচ এবং পাঁচের বাচ্চাকাচ্চারা
sin, tan, sec ত্রিকোণমিতির এই নামগুলো কোত্থেকে এল
প্রিয়তম ১১ অনেক বেশি ভালোবাসি তোমায়
বাংলাদেশের আয়তন নয়, ক্ষেত্রফল ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। আসুন বদলে দিই…
